বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় ভবিষ্যতের রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। তিনি মনে করেন, এই ফলাফল জাতীয় রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মহিলা বিভাগের মজলিসে শূরার অধিবেশনে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জামায়াত আমির জানান, তারা ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “যারা আমাদের আদর্শে বিশ্বাস করেন, ভালোবাসেন—তাদের নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সব ধরনের সহায়তা এবং আর্থিক কোরবানির মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।”
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত প্রার্থীদের সাফল্যকে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “এটা শুধু ছাত্র রাজনীতির জয় নয়, একটি আদর্শের জয়। এই ধারা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, কেউ কেউ দৃষ্টিশক্তি, হাত-পা হারিয়েছেন। এই ত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি আমাদের এমন পরিবর্তনের মুখ দেখিয়েছেন।”
ডা. শফিকুর রহমান বলেন, ত্যাগ ও সংগ্রামের পথ থেকে বিচ্যুত না হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। “আমরা ফল নয়, কাজের জন্য দায়বদ্ধ। কৃতিত্ব জাহির নয়, বরং জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। আল্লাহই ফল দানকারী।”
অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা। আলোচনায় অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও মাওলানা এটিএম মাছুম। তারা রাজনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন।

