বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোথাও কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, “বাংলাদেশের সব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন হবে। কোনো জেলা আমাদের কাছে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নয়।”

সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে, দেশের ২৯টি জেলা দুর্গাপূজা উদযাপনে ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ? তালিকাটা আমাদের কেউ দেয়নি। গণমাধ্যমে প্রকাশ পেলেও সরকারি পর্যায়ে আমরা এই তথ্য পাইনি। তালিকা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা নিজেরা যেসব এলাকা নিয়ে আগে থেকে আশঙ্কা করি, সেখানে আগেই প্রস্তুতি নিই। এবছর এখন পর্যন্ত এমন কোনো এলাকা নেই যেটিকে আমরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বিবেচনা করছি।”

উপদেষ্টা জানান, দুর্গাপূজা ঘিরে গোটা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে থাকবে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য।

তিনি বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। সামাজিক সম্প্রীতি রক্ষা করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন