বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণ: নিহত ১, ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের নাশুয়া শহরে একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারী ঘটনাস্থলে ‘ফ্রি প্যালেস্টাইন’ এবং ‘শিশুরা নিরাপদ’— এমন স্লোগান দিয়ে গুলি চালিয়েছিল।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের স্কাই মেডো কান্ট্রি ক্লাবে। হামলার সময় ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।

প্রত্যক্ষদর্শী টম বার্টেলসন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “আমি কমপক্ষে ছয়টি গুলির শব্দ শুনেছি। শুরুতে ভাবছিলাম বেলুন ফাটার শব্দ, কিন্তু পরে সবাই দৌড়াতে শুরু করলে বুঝতে পারি— এটি গুলির শব্দ।”

অন্য একজন প্রত্যক্ষদর্শী সোফি ফ্ল্যাবোরিস জানান, গানের সময় হঠাৎ গুলির শব্দে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত বেরিয়ে যান, কেউ রান্নাঘরে, কেউবা টেবিলের নিচে আশ্রয় নেন।

নিউ হ্যাম্পশায়ারের সহকারী অ্যাটর্নি জেনারেল পিটার হিনক্লি জানান, “একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি।”

তিনি বলেন, “আহতদের কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ আতঙ্কে পালানোর সময় আহত হয়েছেন। স্থানীয়দের জন্য বর্তমানে কোনো নিরাপত্তা হুমকি নেই।”

শুরুতে পুলিশের ধারণা ছিল, হামলাকারী দুজন হতে পারে। কিন্তু ভিডিও ফুটেজ পর্যালোচনার পর নিশ্চিত করা হয়েছে— হামলাকারী একজনই।

হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সহকারী অ্যাটর্নি জেনারেল হিনক্লি বলেন, “তদন্ত অব্যাহত রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে আমরা জানাবো।”

ঘটনাস্থলে হামলাকারীর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার বিষয়টি বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে— এটি কি রাজনৈতিক বার্তাবাহী সহিংসতা, নাকি একজন উগ্র মানসিকতার ব্যক্তির বিচ্ছিন্ন হামলা?

এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো তথ্য না থাকলেও, হামলাটি আন্তর্জাতিকভাবে স্পর্শকাতর প্রেক্ষাপটে ঘটায় বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন