সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শ্রীলঙ্কাকে হারানোর পর ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে

ডেস্ক রিপোর্ট।।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এক দারুণ ধাপ এগিয়ে গেল টাইগাররা।

সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ফিফটির পাশাপাশি মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে লঙ্কানরা শুরুটা ভালো করলেও মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে। দলটি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৮ রান।

দলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক দাসুন শানাকা। তিনি ৩৭ বলে ৬টি ছক্কা ও ৩টি চারে অপরাজিত ৬৪ রান করেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান বল হাতে ছিলেন দুর্দান্ত— ৪ ওভারে মাত্র ২৮ রানে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটির দ্রুত ভাঙন দলের ওপর চাপ সৃষ্টি করে।

তবে তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত জুটি গড়েন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। দুজন মিলে ৫৪ রানের জুটি গড়ে ইনিংসকে স্থিতি দেন।

সাইফ হাসান ৪৫ বলে ৬১ রানের কার্যকর ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। অপরদিকে হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস।

শেষদিকে স্নায়ু ধরে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের ফলে সুপার ফোরে বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এরপর দিনই পাকিস্তানের বিপক্ষে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

দুই ম্যাচেই জয় পেলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। একটি ম্যাচ জিতলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে— তবে তখন হিসাব আসবে রানরেটের।

ফলে লঙ্কানদের বিপক্ষে পাওয়া এই জয় আত্মবিশ্বাসের রসদ জোগাবে টাইগার শিবিরে।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, “দল চাপে ছিল, কিন্তু তরুণ ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেছে। মুস্তাফিজের স্পেল দারুণ ছিল। আমরা আত্মবিশ্বাসী সামনের ম্যাচগুলো নিয়েও।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন