বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বদলি

ডেস্ক রিপোর্ট।।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মোখলেস উর রহমানের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও নিশ্চিত নয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (CPT) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান এই পদে আসতে পারেন।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ-কেও এ পদের জন্য বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালের ২৮ আগস্ট, তৎকালীন সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় ড. মোখলেস উর রহমানকে। তিনি ছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।

তবে দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো।

সচিব হিসেবে দায়িত্ব পালনকালে মোখলেস উর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। প্রশাসনে পদায়ন, পদোন্নতি ও কর্মকর্তাদের বঞ্চনা নিয়ে অসন্তোষ দেখা দেয়।

বিশেষ করে সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগে অস্বচ্ছতা এবং অর্থ লেনদেনের অভিযোগ তুলে সমালোচনায় মুখর ছিল সরকারি প্রশাসনের ভেতরের মহল।

বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পায়, যা তাকে ঘিরে বিতর্ককে আরও বাড়িয়ে তোলে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পদে শিগগিরই নতুন নিয়োগ আসার কথা রয়েছে। এখন দেখার বিষয়, মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে সরকার কাকে আস্থায় নেয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন