বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

একতাবদ্ধতার পথে তরুণ রাজনীতি: একীভূত হচ্ছে গণঅধিকার পরিষদ ও এনসিপি?

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে দুটি তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক দল—গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলমান আলোচনা সফল হলে একীভূত হয়ে একটি প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ করে সামনে এগোতে চায় দল দুটি। তবে এই ঐক্য প্রক্রিয়ার পথ একেবারে সহজ নয়—রয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ, নেতৃত্ব ভাগাভাগি, দলীয় পরিচয় এবং সাংগঠনিক কাঠামো নিয়ে মতপার্থক্য।

সূত্র বলছে, আলোচনায় অন্যতম জটিল বিষয় হচ্ছে নেতৃত্ব বণ্টন। প্রস্তাবিত একীভূত দলটি “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)” নামেই পরিচালিত হবে। সেক্ষেত্রে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাকবেন প্রধান নেতৃত্বে, আর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলের একটি “গুরুত্বপূর্ণ ও সম্মানজনক” পদে দায়িত্ব পালন করবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেই আনুষ্ঠানিক বৈঠকে বসার কথা রয়েছে দুই পক্ষের।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “দুই দলেরই রাজপথের অভিজ্ঞতা আছে। দেশের স্বার্থে আমরা ঐক্য চাই। আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।”
অন্যদিকে, এনসিপির রাজনৈতিক লিঁয়াজো প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক আদর্শগত মিল রয়েছে। দুটি দলই তারুণ্যশক্তিনির্ভর। একীভূত করার বিষয়ে আমাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এ প্রচেষ্টা সফল হলে আমরা তরুণরা রাজনীতিতে আরও ব্যাপক প্রভাব রাখতে পারব বলে মনে করি।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, “নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। এনসিপির অধীনেই অন্য দলগুলো যুক্ত হবে।”

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা দল দুটি রাজনৈতিক মাঠে তরুণদের প্রতিনিধিত্ব করে আসছে। এনসিপির অনেক নেতাই একসময় গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, যা ঐক্যের ভিত আরও মজবুত করছে।

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন একে বলছেন “ঐতিহাসিক সুযোগ”, যা তরুণ প্রজন্মকে নেতৃত্বে আনতে সহায়ক হবে।

তবে সব কিছু এক সুতোয় গাঁথা এখনো হয়নি। নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো, আদর্শিক অবস্থান ও নাম পরিচয়—এমন কিছু ইস্যুতে দুই পক্ষের মতানৈক্য এখনো রয়ে গেছে। তবে নেতারা বলছেন, “ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনা হচ্ছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন