বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া চার দেশের সিদ্ধান্তকে স্বাগত জানাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং পর্তুগালের মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনের ন্যায্য দাবির পক্ষে রয়েছে। এই স্বীকৃতি আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।”

তিনি বলেন, “আমরা মনে করি, এটি একটি আশাব্যঞ্জক সংবাদ। ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বিশ্বের সমর্থন দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ফ্রান্সের পক্ষ থেকেও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। “যদি তা ঘটে, তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে চারটিই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যা ঐতিহাসিক গুরুত্ব বহন করবে,” বলেন তৌহিদ হোসেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান নিয়েও আলোচনার প্রস্তুতি চলছে। এই আলোচনায় সদস্য দেশগুলোর মধ্যে ফিলিস্তিন প্রশ্নে বিভক্ত মতামত প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকলেও, অধিকাংশ দেশের সমর্থন ফিলিস্তিনের দিকেই থাকবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন