সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রাকসু নির্বাচন পেছালো, নতুন তারিখ যেদিন

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পূর্বঘোষিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির কারণে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা সম্ভব হয়নি।

এছাড়া, নির্বাচনী পরিবেশও অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নয় বলে কমিশনের পর্যবেক্ষণ। এই পরিস্থিতিতে নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় বলে মনে করছে কমিশন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচনের নতুন দিন ধার্য করা হয়েছে।

 বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল বলছে, শাটডাউনের প্রভাব না কাটলে নতুন তারিখেও অনিশ্চয়তা থেকে যাবে। তবে কমিশন আশাবাদী, সব পক্ষের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন