বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ: ‘স্বৈরাচারীদের কাপুরুষোচিত আচরণ’ বলছে বিএনপি

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। ঘটনাটিকে একদিকে “কাপুরুষোচিত ও নিন্দনীয়”, অন্যদিকে “বাংলাদেশের নেগেটিভ কালচারের প্রতিফলন” বলে উল্লেখ করেছেন দুই দলের নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ ঘটনাকে “কাওয়ার্ডলি অ্যাক্ট” আখ্যা দিয়ে বলেন,

“একদল পালিয়ে থাকা দোসর নিউইয়র্কে এসে ছবি তুলে ডিম ছুড়ে পালিয়েছে। এরা হচ্ছে বিতাড়িত স্বৈরাচারী শক্তির অবশিষ্টাংশ।”

তিনি আরও দাবি করেন,

“এ ধরণের ঘটনা সরকারের রাজনৈতিক ব্যর্থতা এবং প্রবাসে আওয়ামী লীগের বিচ্ছিন্ন অবস্থানকে আরও স্পষ্ট করে।”

হুমায়ুন কবির পরামর্শ দেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মধ্যে সমন্বয় বাড়ানোর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,

“আমার এতে খুব বেশি বিব্রত হওয়ার কিছু নেই। এটা বাংলাদেশের পুরনো নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা মাত্র।”

তিনি আরও বলেন,

“যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ। এখানে কেউ স্লোগান দিতে বা প্রতিবাদ জানাতে পারে। কিন্তু ডিম ছোড়া নিঃসন্দেহে খারাপ কালচার, যা বাংলাদেশের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে।”

বিদেশের মাটিতে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড নতুন নয়, তবে সম্প্রতি এটি আবার আলোচনায় এসেছে। প্রবাসী রাজনীতিতে সহিংস আচরণ বা অপ্রীতিকর প্রতিবাদ ভবিষ্যতে রাজনৈতিক শিষ্টাচারের জন্য হুমকি হতে পারে বলে মত বিশ্লেষকদের।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন