সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

প্রতিবাদ জানাতে ডিম ছোড়া হয় কেন?

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের রাজনীতিতে প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ছোড়ার পুরনো কৌশল যেন আবার ফিরে এসেছে। এক সময় পশ্চিমা বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশে ব্যবহার করা হলেও, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও বারবার দেখা যাচ্ছে এ চিত্র।

সর্বশেষ ঢাকার আদালত প্রাঙ্গণে ক্ষমতাচ্যুত সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা—সালমান এফ রহমান ও আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছোড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একদল সদস্য। ডিমের আঘাতে গাড়ির সামনের কাচ ভিজে ওঠে, ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়।

বিশ্ব ইতিহাসে ডিম নিক্ষেপ নতুন কিছু নয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন, “ডিম ছুড়ে প্রতিবাদ করার অন্যতম কারণ হলো এর প্রতীকী ও দৃশ্যমানতা। এটি সহজলভ্য, সস্তা এবং বেশ দৃষ্টিগ্রাহ্য—যা দ্রুত জনমনে প্রভাব ফেলে।”

একইভাবে, খাদ্য বিষয়ক ওয়েবসাইট ‘বোনাপেটিট’-এ প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, “ডিম বা টমেটোর মতো বস্তু দিয়ে প্রতিবাদ অহিংস হলেও উচ্চমাত্রার প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।”

ডিমকে প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা গেছে বহু ঐতিহাসিক ঘটনায়।

১৮৩৪ সালে মার্কিন কবি জর্জ হোয়াইটারকে দাসত্ববিরোধী বক্তৃতাকালে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।১৯১৭ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজকে জনসভায় আক্রমণ করে একজন আন্দোলনকারী।২০০১ সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে ডিম ছুড়লে তিনি পাল্টা ঘুষি মারেন—এই ঘটনা তখনকার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।২০০৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

হলিউড তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগারকেও একবার ডিম ছুড়ে আঘাত করা হয়েছিল। তিনি বিষয়টিকে হালকাভাবে নিয়ে ‘চ্যাম্পিয়নের মতো’ প্রতিক্রিয়া দেন।

বাংলাদেশের রাজনীতিতে অতীতে জুতা ছোড়া বা কালো পতাকা প্রদর্শনের মতো প্রতিবাদ দেখা গেলেও, সাম্প্রতিক সময়ের ডিম নিক্ষেপ ঘটনাগুলো নতুন মাত্রা যোগ করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একদিকে যেমন জনঅসন্তোষের বহিঃপ্রকাশ, অন্যদিকে নানাভাবে রাজনীতির শিষ্টাচার ভঙ্গের ইঙ্গিতও বহন করে। কিছু ক্ষেত্রে এটিকে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখলেও, ভিন্নমত দমনে অপব্যবহার বা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা বলেও মনে করছেন কেউ কেউ।

ঘটনার পর বিএনপিপন্থী আইনজীবীদের অনেকে দাবি করেছেন, “ডিম নিক্ষেপ কোনো সহিংসতা নয়, এটি বিরোধী কণ্ঠের প্রতীকী প্রতিবাদ।” তবে ক্ষমতাসীনদের মতে, এটি বিচারব্যবস্থার পবিত্রতা ও রাজনৈতিক শালীনতার পরিপন্থী।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রতীকী প্রতিবাদ রাজনীতিতে ‘উত্তাপ’ বাড়ালেও গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন