বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

প্রতীক ‘শাপলা’ না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা না দেওয়ার সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এনসিপির প্রতীক শাপলাই হতে হবে, অন্যথায় নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, “ইসি সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা পাবে না। এর মানে কোনো আইনগত বাধা নেই, শুধু তালিকায় নেই বলে দেওয়া হচ্ছে না।”

তিনি দাবি করেন, এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করে, তখন থেকেই তারা ‘শাপলা’ প্রতীক দাবি করে এসেছে। “তাহলে এতদিন নির্বাচন কমিশন কী করছিল? তালিকায় প্রতীক যুক্ত করা কি তাদের কাজ নয়?”—বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রভাব রাখছে কিছু ‘অজ্ঞাত শক্তি’। তার ভাষায়, “তালিকা সংশোধন না করে কি ইসি অন্য কোনো প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের নির্দেশে চলছে?”

সারজিস আলম সাফ জানিয়ে দেন, “সকল ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শাপলাই হবে এনসিপির প্রতীক, অন্য কোনো অপশন নেই। নির্বাচন কীভাবে হয়, কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খায়—আমরাও তা দেখে নেব।”

এর আগে, ইসি সচিব আখতার হোসেন জানান, বর্তমানে নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীক তালিকায় শাপলা নেই। তাই এনসিপিকে তালিকার মধ্য থেকেই নতুন প্রতীক বেছে নিতে হবে।

এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, সারজিস আলমের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন