বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস র‍্যাব প্রধানের

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। মঙ্গলবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

র‍্যাব প্রধান বলেন, “উৎসবের সময় সুযোগ নিয়ে কেউ যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা না করে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। কিছু গোষ্ঠী আছে, যারা ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়াতে চায়। তবে আমরা প্রস্তুত আছি।”

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া দুর্গাপূজায় প্রায় ৩১ হাজার ৫০০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তবে ২৪ সেপ্টেম্বর থেকেই পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা শুরু হবে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে থাকবে র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সমন্বিত টহল,প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও আলোকসজ্জার নিশ্চয়তা,নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়,গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি।

র‍্যাব মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ ধরনের প্রচারণা চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সীমান্ত অঞ্চলে অবস্থিত প্রায় সাত হাজার পূজামণ্ডপে বাড়তি নজরদারি থাকবে। যাতে কোনো অনুপ্রবেশকারী বা উসকানিদাতা সুযোগ নিতে না পারে।”

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সকল ধর্মাবলম্বীদের নিরাপদে ধর্মীয় উৎসব উদযাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলনীতিকে সামনে রেখেই আমরা কাজ করছি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন