ফরিদপুর শহরের একটি টেম্পুস্ট্যান্ডে চাঁদার দাবিকে কেন্দ্র করে ১৬টি মাহেন্দ্র ভাঙচুর এবং তাণ্ডব চালানোর অভিযোগে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের ওই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী।
স্থানীয়দের অভিযোগ, লিমন ও তার অনুসারীরা স্থানীয় টেম্পু চালকদের কাছ থেকে চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করায় তারা স্ট্যান্ডে অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করেন। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এসআই সাহেব আলী বলেন,
“মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকায় মাসুদুর রহমান লিমনকে গ্রেফতার করা হয়েছে।”
তবে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, “এখন মিটিংয়ে আছি, পরে কথা বলবো।”
এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

