বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট।।

নারায়ণগঞ্জে ফেনসিডিল সংক্রান্ত এক পুরনো মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক এম. এ. সাইদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফতুল্লার কাশিপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রনি (৪০) এবং নসিংপুর এলাকার মৃত নাসিরের ছেলে বশির। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ৪ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গোগনগর মসিণাবন্দ এলাকার একটি জামে মসজিদের পাশে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। সেসময় আসামিদের কাছ থেকে মোট ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেছে।”

দুই আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন