বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের জবাবে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওয়াশিংটনে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এক নৈশভোজে এ কথা বলেন তিনি। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান ড. ইউনূস।
ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নৈশভোজের ফাঁকে সংক্ষিপ্ত আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচনের সময়সীমা সম্পর্কে জানতে চান। এর জবাবে ড. ইউনূস জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে এবং ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রেস মিনিস্টার আরও জানান, ড. ইউনূস নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
এছাড়াও, এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্যএশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ড. ইউনূসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি দেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্বনেতাদের অবহিত করার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

