বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং নতুন বাণিজ্য সম্ভাবনা খোঁজার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাকিস্তান থেকে নির্মাণ খাতে ব্যবহৃত পাথর ও লাইমস্টোন আমদানির আগ্রহ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,
“বাংলাদেশে সিমেন্ট ও নির্মাণ খাতের কাঁচামাল আমদানিনির্ভর। বছরে প্রায় ৫০ মিলিয়ন টন পাথরের প্রয়োজন হয়। পাকিস্তান এই চাহিদা পূরণে একটি সম্ভাবনাময় উৎস হতে পারে।”
তিনি দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে ব্যবসায়ীদের মধ্যে সরাসরি এনগেজমেন্ট, যৌথ উদ্যোগ এবং দীর্ঘমেয়াদে কাঁচামাল সরবরাহের পথ খোলার ওপর জোর দেন।
বৈঠকে উভয়পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানো, বাণিজ্য মিশন বিনিময় এবং যৌথ বাণিজ্য ফোরাম গঠনের বিষয়ে আলোচনা করে।
পাকিস্তানের প্রতিনিধি এহসান আফজাল খান বলেন,
“দুই দেশের মধ্যে সরাসরি ব্যবসায়িক সংযোগ জোরদার হলে বাণিজ্যের পরিমাণ অনেক বাড়বে। আমরা ট্যারিফ কাঠামো সহজীকরণসহ বাণিজ্যিক সুযোগ বাড়াতে কাজ করবো।”
বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য পাকিস্তানি বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো এবং পণ্যের বহুমুখীকরণ সম্পর্কেও আলোচনা হয় বৈঠকে। বাণিজ্য উপদেষ্টা বলেন,
“শুধু আমদানিনির্ভরতা নয়, রপ্তানির ক্ষেত্রেও পাকিস্তানের বাজারে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে ‘লিমিটেড ট্রেড বাস্কেট’ প্রসারিত করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি হ্রাস এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানো সম্ভব।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে যৌথ বৈঠক ও বাণিজ্যিক মিশন চালু রাখার বিষয়ে সম্মত হয়।

