বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট।।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের পদ্ধতি দেশে রাজনৈতিক অনিশ্চয়তা এবং দুর্বল সরকার প্রতিষ্ঠার পথ তৈরি করবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, “এভাবে ফ্যাসিবাদী নেতৃত্ব আবারও ফিরে আসতে পারে, যেমনটি শেখ হাসিনার সময় দেখা গেছে।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট চত্বরে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স (BNBLSA) আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

“পিআর ব্যবস্থা এমন একটি ফাঁদ, যা বেশি আসন পাওয়ার জন্য নয়, বরং দেশে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি করতেই ব্যবহার করা হয়,”— মন্তব্য করেন সালাহউদ্দিন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। “পিআরের মতো কোনো বিকল্প ব্যবস্থা সংবিধানে নেই। যদি কেউ তা চায়, সংবিধান ভালো করে পড়া উচিত,”— বলেন তিনি।

জামায়াতে ইসলামীর দাবির প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, “কোনো অসাংবিধানিক বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাব জাতিকে নতুন করে ঝুঁকিতে ফেলবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতায় চলছে, তাই সব সিদ্ধান্তও সেই ভিত্তিতেই হওয়া উচিত।”

সম্প্রতি একটি জরিপের উল্লেখ করে বিএনপি নেতা বলেন, “জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষই জানে না পিআর কী। অথচ কিছু দল বলছে ৭০ শতাংশ মানুষ এটি চায়। এভাবে বিভ্রান্তি ছড়ানো গণতন্ত্র নয়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন।”

তিনি আরও বলেন, “যারা কম জনপ্রিয়, তারাই মূলত পিআর পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে।”

আলোচনা সভায় বিএনবিএলএসএ নেতৃবৃন্দ ছাড়াও আইনজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন