রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে?

ডেস্ক রিপোর্ট।।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম ওহি অবতীর্ণ হওয়ার পর যে কয়জন সৌভাগ্যবান ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, তাদের মধ্যে ছিলেন নারী, পুরুষ, কিশোর ও দাস—সব শ্রেণির মানুষ। প্রত্যেকেই একেকটি ইতিহাস গড়ে গেছেন ইসলামের সূচনালগ্নে।

হজরত খাদিজা (রা.) ছিলেন মহানবী (সা.)-এর প্রথম স্ত্রী এবং ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি। মহানবী (সা.)-এর নবুয়তের মুহূর্তে তিনি শুধু বিশ্বাসই করেননি, বরং ভয় ও শঙ্কিত হৃদয়ের প্রিয় নবীকে মানসিকভাবে সমর্থন দিয়ে সাহস যুগিয়েছেন।

এক বর্ণনায় এসেছে, মহানবী (সা.) ওহি গ্রহণের পর কাঁপতে কাঁপতে খাদিজা (রা.)-র কাছে ফিরে এসে বলেন, ‘আমার জীবন নিয়ে আমি চিন্তিত।’ উত্তরে খাদিজা (রা.) বলেন, “আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের পাশে দাঁড়ান, মেহমানদারি করেন।”

পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর (রা.)। তিনি ছিলেন নবীজীর ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বাসী সহচর। দ্বিধা না করে মুহূর্তেই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি।

আবু বকর (রা.)-এর মাধ্যমেই ওসমান (রা.), আবদুর রহমান ইবনে আওফ (রা.), সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর মতো বিশিষ্ট সাহাবিরা ইসলাম গ্রহণ করেন।

শিশু-কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন মহানবীর (সা.) পালিত চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব (রা.)। মাত্র ১০ বছর বয়সেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং গোপনে নবীজীর (সা.) অনুসরণ শুরু করেন।

দাসদের মধ্য থেকে প্রথম ইসলাম গ্রহণ করেন জায়েদ ইবনে হারেসা (রা.)। হজরত খাদিজা (রা.) তাঁকে নবীজীর (সা.) সেবায় উপহার দেন, পরে নবীজী তাঁকে মুক্ত করে দেন এবং নিজের পালকপুত্র হিসেবে গ্রহণ করেন।

তিনি শুধু প্রথম ঈমানদারদের একজনই নন, বরং ইসলামের ইতিহাসে মহানবী (সা.)-এর জীবনে অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিণত হন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন