পাঁচদিন নিখোঁজ থাকার পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে রাজধানীর পূর্বাচল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, “মাওলানা মামুনুর রশীদকে শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রীর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
নিখোঁজের পাঁচদিন পর তার খোঁজ মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে। তবে নিখোঁজ থাকার কারণ, কারা তাকে সেখানে রেখে যায় কিংবা কী ঘটেছিল—তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বলছে, বিস্তারিত পরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
এর আগে, মাওলানা মামুনুর রশীদের সন্ধান চেয়ে শুক্রবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা আবেগভেজা কণ্ঠে বলেন, “আমার স্বামী কোথায়, কী অবস্থায় আছে জানি না। আমি শুধু চাই, আমার সন্তানদের বাবা যেন নিরাপদে ফিরে আসে।”
মামুনুর রশিদের বাবা-মাও সন্তানের নিরাপদ প্রত্যাবর্তনের আকুতি জানান।
উল্লেখ্য, মাওলানা মামুনুর রশীদকে কয়েকদিন আগে ঢাকার তুরাগ এলাকা থেকে নিখোঁজ করা হয়েছিল বলে অভিযোগ করে পরিবার। তার নিখোঁজ হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

