বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শেখ হাসিনাকে ঘিরে মোদিকে কটাক্ষ করলেন ওয়াইসি

ডেস্ক রিপোর্ট।।

ভারতের বিহার রাজ্যকে ঘিরে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যের জবাবে সরব হয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

বিহারের পুরনিয়া জেলায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী মোদি দাবি করেন, কংগ্রেস ও আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, “এই অনুপ্রবেশ ভারতের জনসংখ্যার ভারসাম্যে হুমকি তৈরি করছে এবং নারীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে ফেলছে।”

মোদির বক্তব্যে পাল্টা জবাব দিতে গিয়ে ওয়াইসি বলেন, “মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন, তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় নিয়ে নেব।”

বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে ওয়াইসি ভারতের রাজনৈতিক পরিসরে শেখ হাসিনার বর্তমান অবস্থান প্রসঙ্গেও সরাসরি ইঙ্গিত করেছেন।

বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়েও চলছে সমালোচনা। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার অংশ হিসেবে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকের নাম ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীরা একে ভোটারদের নাম কেটে দেওয়ার অজুহাত বলে অভিহিত করছে।

আরজেডি নেতা তেজস্বী যাদব প্রশ্ন তোলেন, “ধরুন বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু আপনারা ১১ বছর ধরে কেন্দ্রে, আর বিহারে ২০ বছর ধরে ক্ষমতায়—তাহলে এতদিন কী করলেন?”

বিহারে আগামী মাসেই ভোটের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। এমন সময় অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে এনে জাতীয় নিরাপত্তা ও জনগোষ্ঠী বদলের আশঙ্কা তুলে ধরে বিজেপি ভোটে কৌশলগত সুবিধা নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিরোধী দলগুলোও পাল্টা জবাব দিতে শুরু করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন