রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নিষেধাজ্ঞার আগে ইলিশের হিড়িক, চাঁদপুরে কেজিতে দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত

ডেস্ক রিপোর্ট।।

ইলিশ শিকারে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে। এর আগে শেষ সময়ে দেশের অন্যতম প্রধান ইলিশ বিপণন কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে জমে উঠেছে ইলিশের বাজার। তবে সরবরাহ কম ও চাহিদা বেশি হওয়ায় ইলিশের দাম কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে মাছঘাটে ঢাকাসহ আশপাশের জেলা থেকে ভিড় করেন প্রচুর ক্রেতা। অনেকেই পরিবারের জন্য শেষবারের মতো ইলিশ কিনতে এলেও, বেশিরভাগই বাড়ি ফিরেছেন খালি হাতে, কারণ উচ্চমূল্যের কারণে চাহিদা অনুযায়ী কেনা সম্ভব হয়নি।

ঢাকা থেকে মাছঘাটে আসা ক্রেতা ইকবাল হোসেন বলেন, “ভেবেছিলাম নিষেধাজ্ঞার আগে কিছুটা কম দামে ইলিশ পাব। কিন্তু এখানে এসে দেখি এক কেজির ইলিশ ২৩০০ থেকে ২৪০০ টাকা! এভাবে তো কেনা সম্ভব নয়।”

মাছ ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশের সরবরাহ এখন অনেক কম। আকারেও ইলিশগুলো ছোট। ফলে চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম বাড়ছেই।

ইলিশ ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “ডাকের বাজারে আমাদের বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে, তাই কমে বিক্রি করতে পারছি না। এখন বিক্রি কম, কারণ ক্রেতারা দাম শুনেই চলে যাচ্ছে।”

জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। এই সময়ে মাছ আহরণ, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ থাকবে।

তিনি বলেন, “এই নিষেধাজ্ঞার ফলে ইলিশের বাজার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই শেষ সময়ে ক্রেতাদের চাপ অনেক বেড়েছে, কিন্তু জোগান নেই।”

বর্তমান বাজার পরিস্থিতি:

এক কেজি ইলিশ: ২,৩০০ – ২,৪০০ টাকা,ছোট আকারের ইলিশ: প্রতি কেজি ১,৪০০ – ১,৮০০ টাকা,দাম বেড়েছে: গড়ে ১০০ – ২০০ টাকা প্রতি কেজিতে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি শেষ সময়ে হঠাৎ করে সরবরাহ বাড়ে, তাহলে কিছুটা মূল্য হ্রাস পেতে পারে। তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগ পর্যন্ত দাম চড়া থাকার আশঙ্কা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন