মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (IPACC) শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে দেশে পৌঁছান।
শনিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা অংশ নেন। এতে আঞ্চলিক সংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপ, পারস্পরিক সহযোগিতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “এই অঞ্চলের জটিল চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রতিযোগিতার বদলে অংশীদারিত্ব এবং সহযোগিতাই সময়ের দাবি।” তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, মানবিকতা এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ার সেনাপ্রধান তান সেরি দাতো’ শ্রী মুহাম্মদ হাফিজুদ্দেইন জান্তান এবং যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্কের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এই বৈঠকগুলোতে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়া, সেনাবাহিনীর আধুনিকায়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাবাহিনী প্রধান।

