ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেনী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের সম্ভাবনার কথা জানাচ্ছেন স্থানীয় নেতারা। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত এ আসনে দীর্ঘদিন ধরেই বেগম জিয়ার রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের এই ফেনী-১ আসন থেকেই আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। তৃণমূল বিএনপিকে সক্রিয় করে তুলতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।”
গত বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে ৭১ সদস্যের কার্যকরী কমিটি ও ১০ সদস্যের উপদেষ্টা পরিষদসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার নাম রাখা হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।
বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজী উপজেলায়। অতীতে তিনি ফেনী-১ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন। ফলে এই আসনটি তার রাজনৈতিক ঘাঁটি বলেই বিবেচিত হয়ে আসছে।
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, “পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল বিএনপি আরও সংগঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা এখন মাঠে সক্রিয় হচ্ছেন।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার অংশগ্রহণের বার্তা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। তবে তার প্রার্থিতা বাস্তবে সম্ভব হবে কি না—তা নির্ভর করবে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

