বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তারা বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত জানান, স্পেন ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে এবং বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার প্রসারেও আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান,পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
জামায়াত নেতারা রাষ্ট্রদূতকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

