এশিয়া কাপে ব্যর্থতার ধাক্কা সামলে নতুন মিশনের জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অক্টোবরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় চমক—দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ জাকের আলি অনিককে।
এশিয়া কাপে ইনজুরির কবলে পড়ে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন। তার বাঁ পাশের অ্যাবডোমিনাল মাংসপেশিতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ায় তাকে সিরিজের বাইরে রেখেছে মেডিকেল টিম। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন এখন পুনর্বাসনে আছেন এবং বিশ্বকাপের আগে সেরে উঠবেন বলেই আশা করা হচ্ছে।
তবে তার জায়গায় জাকের আলির অধিনায়কত্ব দলকে নতুন দিশা দেবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
দলে এসেছে মাত্র একটি পরিবর্তন—সৌম্য সরকারকে আবারও টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হয়েছে। অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার এশিয়া কাপ দলে ছিলেন না, তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভারসাম্য আনতেই তাকে দলে নেওয়া হয়েছে বলে ধারণা।
সৌম্যর অভিজ্ঞতা ও বহুমুখিতা শারজাহর কন্ডিশনে বড় ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ দল (টি-টোয়েন্টি সিরিজ):
জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

