জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে পাঠানো হবে।
এর আগেও ৪ নভেম্বর একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়েছিল এই রাজনৈতিক নেতাকে। জামিনে মুক্ত হলেও তার বিরুদ্ধে এখনও জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে যেসব নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে।

