বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খাগড়াছড়ি সংঘর্ষে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে ‘বিদেশি ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে, একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে—যাদের মদদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবনের নির্মাণ কাজ উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

“একটি মহল চায় না, দেশের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হোক। তারা পরিকল্পিতভাবে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাহাড়ের উপর থেকে গুলি চালানো হয়েছে, অস্ত্রের উৎসও সন্দেহজনক—অনেকে বলছে এগুলো বাইরে থেকে এসেছে,” — বলেন উপদেষ্টা জাহাঙ্গীর।

তিনি আরও বলেন,
“আমরা দেশের নাম বলতে চাই না, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে নাম উঠে এসেছে। পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা বর্তমানে ঘটনাস্থলে আছেন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে।”

খাগড়াছড়িতে সংঘর্ষে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২০ জন সদস্য আহত হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন মোটামুটি সন্তোষজনক বলে তিনি দাবি করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“দেশে শারদীয় দুর্গোৎসব চলছে। কেউ যেন এই সময় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। পূজা যেন নির্বিঘ্নে হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। রাস্তা অবরোধ বা সহিংসতা বরদাস্ত করা হবে না।”

সম্প্রতি সহিংসতার কারণে খাগড়াছড়িতে আটকে পড়া অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন