বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সমালোচনার মুখে জামায়াতের ‘নতুন লোগো’, অবশেষে সরিয়ে নেওয়া হলো

ডেস্ক রিপোর্ট।।

দলের নতুন লোগো ঘিরে দেশজুড়ে তুমুল বিতর্কের মুখে অবশেষে পিছু হটলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে দলটির আমির ডা. শফিকুর রহমানের পেছনে ঝুলতে দেখা যায় একটি নতুন লোগো—যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক সমালোচনা।

তবে সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির সঙ্গে আরেকটি সাক্ষাৎকালে সেই লোগো আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, সমালোচনার মুখে সেই লোগো সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, “লোগোটি চূড়ান্ত ছিল না। ভুলবশত ব্যবহার করা হয়েছিল। এখনো আলোচনা চলছে, সময়মতো অফিসিয়াল লোগো উন্মোচন করা হবে।”

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়েরও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গতকাল যে লোগোটি দেখা গেছে, তা আনুষ্ঠানিক ছিল না। মূল লোগো কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত তার রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন লোগো ও পরিচিতি গঠনে আগ্রহী হলেও, দলের অতীত ভাবমূর্তির কারণে জনমানসে তা কতটা গ্রহণযোগ্য হবে—সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন