অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে, যা পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে। তিনি বলেন, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন,
“আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড়-দুই টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। নানা পক্ষ এতে জড়িয়েছে, এমনকি যাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল না, তারাও এখন জড়িত।”
তিনি অভিযোগ করেন, চাঁদাবাজির সঙ্গে যুক্ত অনেকেই ব্যবসায়ী সংগঠনের সদস্য, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
চাঁদাবাজি রোধে সরকারের ভূমিকা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন,
“এই সমস্যার সমাধান আমাদের মন্ত্রণালয়ের আওতার মধ্যে পড়ে না। অন্তর্বর্তীকালীন সরকারও কোনো দমনমূলক নীতি অনুসরণ করছে না।”
পণ্যমূল্য বৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান,
“আমরা আশা করছি আগামী জুনের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে। এ নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত রয়েছে।”

