বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ড. ইউনূসকে ‘অসুর’ রূপে উপস্থাপন করে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট।।

ভারতের এক দুর্গাপূজা মণ্ডপে ড. মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব ব্যবহার করে ‘অসুর’ তৈরি করাকে নিম্নরুচির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন,

“আমরা দেখতে পাচ্ছি, ভারতে ড. ইউনূসসহ আরও কয়েকজন বিশ্বনেতার মূর্তি দিয়ে অসুর তৈরি করা হয়েছে। এটা অত্যন্ত নিম্নমানের রুচি এবং সংস্কৃতির অবক্ষয়ের পরিচয়। একটি দেশে যেখানে শিল্প ও সংগীতের এত চর্চা, সেখানে এমন ঘটনা দুঃখজনক ও অপ্রত্যাশিত।”

রিজভী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন,

“এদেশে হিন্দু-মুসলমান, আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন—সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। পূজামণ্ডপ পাহারায় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ যুক্ত ছিল। এটাই আমাদের ঐতিহ্য, আমাদের সম্প্রীতির প্রতিচ্ছবি।”

তিনি অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টাও চলছে, তবে জনগণ সচেতন রয়েছে এবং সেইসব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন,

“ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই জনগণের প্রত্যাশা। এ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় আছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করেছে এবং জনগণও ভোট দিতে প্রস্তুত।”

তবে তিনি প্রশাসনে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের অভিযোগ করে বলেন,

“প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে ইসলামপন্থি একটি দলের মনোভাবাপন্ন ব্যক্তিদের বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবে না।”

রিজভী জোর দিয়ে বলেন,

“অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ হওয়া জরুরি। সরকার যেন কোনো পক্ষপাত না করে, সেটিই দেশের জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করলে অবাধ নির্বাচন সম্ভব হবে না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন