বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়বে, যা জানা গেল

ডেস্ক রিপোর্ট।।

এক দশক পর গঠিত জাতীয় বেতন কমিশন নতুন পে-স্কেলের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করবে কমিশন। ইতোমধ্যে শুরু হয়েছে সাধারণ মানুষের মতামত গ্রহণ কার্যক্রম, যা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

কমিশনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দশ বছরের মূল্যস্ফীতির চাপ ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে এবার বেতন দ্বিগুণ করার সুপারিশ আসতে পারে। এতে করে প্রথম গ্রেডে মূল বেতন দাঁড়াতে পারে ১ লাখ ৫৬ হাজার টাকা, আর ২০তম গ্রেডে শুরু হবে ১৬ হাজার ৫০০ টাকায়।

  • বর্তমানে প্রথম গ্রেডে বেতন: ৭৮,০০০ টাকা → সম্ভাব্য নতুন বেতন: ১,৫৬,০০০ টাকা

  • ২০তম গ্রেডে বেতন: ৮,২৫০ টাকা → সম্ভাব্য নতুন বেতন: ১৬,৫০০ টাকা

  • বিসিএস ক্যাডারে যোগদানকারী নবীন কর্মকর্তার বেতন: ২২,০০০ → হতে পারে ৪৪,০০০ টাকা

কমিশন সূত্র আরও জানিয়েছে, বর্তমান ২০টি গ্রেড ভেঙে পুনর্গঠনের চিন্তা চলছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডে বড় পরিবর্তনের সম্ভাবনা বেশি। বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ৮:১, ১০:১ বা ১২:১ এর মধ্যে নির্ধারণ হতে পারে।

পার্শ্ববর্তী দেশগুলোর অনুপাত:

ভারত: ১৩:১,পাকিস্তান: ৯:১,আফগানিস্তান: ২০:১,ভুটান: ৮:১।

কমিশন ভারতের কাঠামোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও জানা গেছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৬ সালের শুরুতেই (জানুয়ারি–এপ্রিল) নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হতে পারে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ সংক্রান্ত অর্থ বরাদ্দ রাখা হবে এবং গেজেট প্রকাশ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন হবে, রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না।

সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাধারণ নাগরিক বা বিভিন্ন সংগঠন চাইলে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কমিশনে মতামত জমা দিতে পারবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন