সদ্য সমাপ্ত দুর্গাপূজা ঘিরে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিকল্পিত চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তৎপরতায় এই চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপদেষ্টা।
উপদেষ্টা বলেন,
“দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র ফ্যাসিবাদী গোষ্ঠীর সহায়তায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল। কিন্তু আমরা সজাগ ছিলাম। জনগণের সহযোগিতা, গোয়েন্দা নজরদারি এবং প্রশাসনের তৎপরতায় তারা ব্যর্থ হয়েছে।”
তিনি জানান, কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করা হয়েছিল।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং পূজা উদ্যাপন কমিটির সহায়তায় উত্তেজনা ছড়ানো থেকে রক্ষা পাওয়া গেছে।
সাম্প্রতিক খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে অস্থিরতা তৈরির চেষ্টা প্রসঙ্গে উপদেষ্টা জানান,
“মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। অথচ পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টার কোনো কমতি ছিল না।”
তিনি আরও বলেন, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

