“জুলাই সনদ বাস্তবায়নে আবারও সংকট তৈরি হলে দেশে ফের গণঅভ্যুত্থান ঘটবে”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তার দাবি, সেই অভ্যুত্থান থেকে পালাতে গেলে অনেকে হেলিকপ্টার খুঁজে পাবেন না।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মজিবুর রহমান বলেন,
“আন্দোলনের মাধ্যমে আমরা দুটি বিষয় অর্জন করেছি—একটি হলো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা, আরেকটি সংবিধান সংশোধনের অধিকার। সরকার পালিয়ে যাওয়ায় এখন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন,
“জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যদি বাধা আসে, তাহলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে। তখন পালাতে গেলে ৬-৭টি হেলিকপ্টার লাগবে। কিন্তু এত হেলিকপ্টার সবার জন্য থাকবে না।”
এবি পার্টি চেয়ারম্যান বলেন, সংকট সমাধানে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হতে পারে। এ জন্য প্রধান উপদেষ্টা একটি আদেশ জারি করতে পারেন বলেও মত দেন তিনি।
“সাংবিধানিক বিতর্ক তোলা হচ্ছে—এই সংকট আসলে সাংবিধানিক নয়। আমরা গণভোটে বিশ্বাসী। পিআর (প্রো-পোরশনাল রিপ্রেজেন্টেশন) মেনে না চললে উচ্চকক্ষের দরকার নেই।”
তিনি বলেন,
“মানুষ এখন আমাদের প্রশ্ন করে—ভোট হবে তো ভাই? এই অনিশ্চয়তা দূর করতে হলে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।”
এসময় তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক শক্তিগুলোর বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখন সময় এসেছে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর।

