বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কায়রোতে ৬ অক্টোবর ইসরায়েল-হামাস বৈঠক

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে মিশর। আগামী ৬ অক্টোবর কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক। মূল আলোচ্য বিষয়—বন্দি ও জিম্মিদের বিনিময় চুক্তি চূড়ান্ত করা, এবং ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে করণীয় নির্ধারণ।

মিশরের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি দলে থাকবেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একজন শীর্ষ উপদেষ্টা এবং শিন বেতের (আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা) একজন কর্মকর্তা।
হামাস এখনো তাদের পূর্ণ প্রতিনিধি দলের তালিকা প্রকাশ না করলেও, কায়রোতে একটি প্রাথমিক প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি চলছে বলে সূত্র জানিয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার। তারা বন্দি বিনিময় ব্যবস্থাপনার গঠন ও শান্তিচুক্তির অন্যান্য দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

হামাস ইতোমধ্যেই নীতিগতভাবে সব বন্দি—জীবিত ও মৃত—মুক্তি দিতে সম্মত হয়েছে, তবে এখনো চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর হয়নি।

এই প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি দূর করা এবং যুদ্ধবিরতির রূপরেখা পরিষ্কার করাই এই বৈঠকের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন