বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল, জানালেন সর্বশেষ পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট।।

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম এখনো ফিলিস্তিনের গাজায় পৌঁছাতে পারেননি। তিনি বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা ‘কনশানস’ জাহাজে অবস্থান করছেন। তার মতে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এর প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে তারা গাজায় পৌঁছাতে পারবেন কি না।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শহিদুল আলম জানান,

“আমাদের গন্তব্য ট্র্যাক করতে চাইলে ‘Forensic Architecture’ সাইট ব্যবহার করতে পারেন। এই সংস্থার সঙ্গে আমরা পূর্বেও কাজ করেছি। এখন তারা আমাদের যাত্রাপথ পর্যবেক্ষণ করছে।”

তিনি আরও বলেন,

“IDF অতীতে আমাদের আটক করেছে, ফেরত পাঠিয়েছে কিংবা কারাগারে পাঠিয়েছে। এবার কী হবে, জানি না। এটা আমাদের হাতে নেই। তবে আপনাদের সহায়তা প্রয়োজন। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগই এখন একমাত্র উপায়।”

শহিদুল আলম রয়েছেন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC)’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG)’ নামের দুটি আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে গঠিত ফ্লোটিলার (নৌবহর) কনশানস জাহাজে।
এটি গাজার অবরোধ ভাঙতে সচেষ্ট একটি প্রতীকী মানবিক প্রচেষ্টা। তবে উল্লেখযোগ্যভাবে, এ বহরে কোনো সরাসরি খাদ্য বা ওষুধ বহন করা হচ্ছে না।

পোস্টে শহিদুল আলম জানান, রোববার সকালে তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন। যা তার মনোবল আরও দৃঢ় করেছে।

নিজের বার্তায় শহিদুল আলম বলেন,

“এটা শুধু আমাদের যাত্রা নয়, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে একটি প্রচারাভিযান। আমাদের একসঙ্গে কাজ করতে হবে—এখনই সময়, প্রতিরোধ গড়ে তুলুন।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন