বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে — নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন এবং অনেকেই ‘সেফ এক্সিট’ কৌশলের পথ খুঁজছেন।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টাদের যেভাবে বিশ্বাস করা হয়েছিল, তা ছিল আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। তাদের অনেকে রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে চেয়েছেন।”

নাহিদের দাবি, “ছাত্র ও জনগণের সম্মিলিত আন্দোলনের ফলেই অন্তর্বর্তী সরকার গঠন সম্ভব হয়েছিল। অথচ এই সরকারের উপদেষ্টাদের অনেকেই সেই আত্মত্যাগ ভুলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলগুলোর ওপর ভরসা করেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, সেই আস্থা অনেকক্ষেত্রে ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে কেন্দ্রীয় ভূমিকায় রাখা।”

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “সরকারের বিরুদ্ধে প্রথম ছয় মাস ধারাবাহিক প্রতিবিপ্লবের চেষ্টা চলেছে। যদি তখন রাজনৈতিক দলগুলো নাগরিক সরকারের বিষয়ে একমত হতো, তাহলে ছাত্রদের ওপর এত চাপ পড়ত না।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “গণআন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, সময়মতো তাদের নাম প্রকাশ করা হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন