স্ট্যাটাস রিশেয়ার ফিচারে গোপনতা ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন নিয়ন্ত্রণমূলক ফিচার পরীক্ষা করছে, যা স্ট্যাটাস আপডেটের রিশেয়ার কে করতে পারবে—তা নির্ধারণের সুযোগ দেবে।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী এখন নির্ধারণ করতে পারবেন কে তার স্ট্যাটাস রিশেয়ার করতে পারবে,রিশেয়ার করা স্ট্যাটাসে মূল ব্যবহারকারীর তথ্য গোপন থাকবে,রিশেয়ার হলে স্ট্যাটাস মালিক পাবেন নোটিফিকেশন, কিন্তু তার ব্যক্তিগত তথ্য থাকবে অদৃশ্য।
উল্লেখযোগ্যভাবে, রিশেয়ারকৃত স্ট্যাটাসের ওপর একটি “reshared” লেবেল যুক্ত থাকবে, যা দেখাবে এটি মূলত কারো শেয়ার করা কনটেন্টের পুনঃপ্রকাশ।
বিশ্বস্ত ফিচার ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২৭.৫-এ পরীক্ষাধীন। এটি এখন শুধুমাত্র গুগল প্লে বিটা প্রোগ্রামের নিবন্ধিত ব্যবহারকারীদের জন্যই সীমিত আকারে উন্মুক্ত।
হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপটিকে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ ক্ষমতা ও গোপনতার অধিকারের প্রতি অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। আগে ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস শুধু নির্দিষ্ট মানুষের কাছে দৃশ্যমান করতে পারলেও, এবার তার রিশেয়ারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাচ্ছে।
স্ট্যাটাস ফিচারটি ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। তবে একাধিক ব্যবহারকারী অভিযোগ করছিলেন, তাদের স্ট্যাটাস অনুমতি ছাড়া অন্যরা রিশেয়ার করছেন। নতুন এই আপডেট সেই সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ এখনও এই ফিচারটি গণভাবে উন্মুক্ত করেনি। তবে বিটা টেস্ট সফল হলে পরবর্তী আপডেটেই ফিচারটি সকল ব্যবহারকারীর জন্য রোল আউট করা হতে পারে।
আপনি যদি বিটা টেস্টার হয়ে এই ফিচার আগে পেতে চান, তবে গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রামে যোগ দিতে পারেন—যদিও বর্তমানে স্লট সীমিত।

