প্রথমবারের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের জন্য খোলাবার্তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদায়নের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমধর্মী ও উল্লেখযোগ্য উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে মাউশির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। তিনি দায়িত্বে থাকাকালীনই নতুন ডিজি নিয়োগের প্রক্রিয়া শুরু করল শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচ বা তার পরবর্তী ব্যাচের কর্মকর্তা হতে হবে। আগ্রহীদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত প্রশিক্ষণে কৃতিত্ব থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্বদান এবং নীতি বাস্তবায়নে সক্ষম হতে হবে।
বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার অন্যতম নিয়ন্ত্রক সংস্থা মাউশি। অধিদপ্তরটির অধীন রয়েছে ৯টি আঞ্চলিক কার্যালয় এবং জেলা পর্যায়ে রয়েছে শিক্ষা অফিস। এ দপ্তরের কার্যক্রম সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলে।
এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, যা আলোচনার জন্ম দিয়েছিল। এবার মাউশির ডিজি নিয়োগেও একই রকম স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পদ্ধতির ইঙ্গিত দেখা যাচ্ছে।

