বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনকে সেফ এক্সিটের পথ হিসেবে দেখলে চলবে না। যারা শহীদদের রক্তের ঋণ ভুলে দায়িত্ব পালনে ভয় পান, তাদের জন্য জনগণের আদালতেই জবাবদিহি করতে হবে।”

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “কিছু উপদেষ্টাকে দেখা যাচ্ছে, যেন তারা কেবল কোনোভাবে নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব শেষ করে নিরাপদে বেরিয়ে যেতে চান। কিন্তু বাংলাদেশের ইতিহাস এত সহজ না। এত রক্ত, এত আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই রাষ্ট্রে যারা জনগণের সঙ্গে বেঈমানি করবে, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারজিস বলেন, “শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করতে আইনি কোনো বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন আমাদের প্রতীক আটকে দিচ্ছে। এটা কি তাদের স্বেচ্ছাচারিতা, না কি কোনো পক্ষের চাপে? এ প্রশ্নের জবাব দেশের মানুষ চায়।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা যেন সেই মর্যাদা বজায় রেখে নিরপেক্ষ আচরণ করে— এটা আমাদের প্রত্যাশা।”

আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সারজিস জানান, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তার আগে আমাদের লক্ষ্য হলো আগামী নভেম্বরের মধ্যেই জেলা-উপজেলা ইউনিটগুলোকে চূড়ান্তভাবে গঠন করা।”

আওয়ামী লীগ প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে সারজিস বলেন, “আওয়ামী লীগের যেকোনো ভার্সন— তা মূল হোক বা ছায়া— অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আর প্রাসঙ্গিক নয়। এনসিপি সেই রাজনীতি কখনোই মেনে নেবে না।”

তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ ভালো মানুষদের নিয়ে যদি কেউ একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করতে চায়, এনসিপি সেখানে থাকবে। আমরা জনগণকেই রাজনীতির কেন্দ্রে রাখতে চাই, উপদেষ্টাদের নয়।”

সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন