বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ঢাকায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং শামা ওবায়েদ। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচিত হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। তবে বৈঠক শেষে এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আগামী জাতীয় নির্বাচন ও গণতন্ত্র নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ এবং মতামত দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। ইইউ নিয়মিতভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে।

