বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসন শেষে দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে অবস্থানরত এই রাজনৈতিক নেতা আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট–এর বরাতে জানা গেছে, নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে, যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

গত বছর দীর্ঘদিনের শাসক শেখ হাসিনার সরকার গণবিক্ষোভে পতিত হয়, এবং তিনি দেশ ছাড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অব্যাহত রাজনৈতিক সংকট ও সহিংসতায় প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি ঘটে। এরপর একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে, যার অধীনে আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে।

৫৯ বছর বয়সি তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, এবং বর্তমানে বিএনপির কার্যত প্রধান। তিনি বলেন,

“সময় এসেছে, ইনশাআল্লাহ আমি শিগগিরই দেশে ফিরব। মানুষ এই নির্বাচনের জন্য অপেক্ষা করছিল। আমি নিজেকে আর দূরে রাখতে পারছি না।”

২০০৮ সাল থেকে তিনি লন্ডনে নির্বাসিত ছিলেন। তার অনুপস্থিতিতে একাধিক মামলায় দণ্ডিত হলেও, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ প্রত্যাহার করা হয় বলে প্রতিবেদনটি জানায়।

তারেক রহমানের মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। নির্বাচনকে ঘিরে তিনি প্রচারণায় অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তারেক রহমান বলেন,

“তিনি সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ অবস্থায় বের হয়েছেন। যথাযথ চিকিৎসা পাননি। তবে যদি তার শারীরিক অবস্থা উন্নত হয়, তিনি নির্বাচনে অবশ্যই ভূমিকা রাখবেন।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন