রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জোরপূর্বক পদত্যাগ করা বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট।।

সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগে বাধ্য করা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত চলমান থাকলেও মানবিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা আদেশে বলা হয়, পদত্যাগে বাধ্য করা অনেক শিক্ষক-কর্মচারীর মাসিক বেতন বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।

নির্দেশনায় বলা হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতির মাধ্যমে চালু রাখতে হবে। এ জন্য তাদের নাম দ্রুত ইএফটি সিস্টেমে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ বেতন-ভাতা প্রদানে অসহযোগিতা করেন বা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেন, তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় একাধিক অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। এতে তাদের অনেকেরই বেতন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে তাদের অসহনীয় অবস্থার কথা জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন