এনসিপি নেতা নাহিদ ইসলামের ‘অনেক উপদেষ্টা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) খুঁজছেন’ মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, তিনি কোনো নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন না, বরং বাকি জীবনও বাংলাদেশে কাটাবেন।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান এই মন্তব্য করেন।
নাহিদ ইসলামের মন্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে রিজওয়ানা হাসান গণতন্ত্রের চর্চা ও সরকারের আনুষ্ঠানিক অবস্থানের নীতি ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছেন সরকারের বিভিন্ন বিষয়ে। এটা বলা তাদের অধিকার, এটাই তো গণতন্ত্রের চর্চা।” তবে তিনি স্পষ্ট করে জানান, প্রতিটি অনানুষ্ঠানিক বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানালে মন্ত্রণালয় চালানো সম্ভব নয়।
উপদেষ্টা বলেন, “যখন কোনো একটা বিষয় আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে, তখন অবশ্যই সরকার সে বিষয় নিয়ে কথা বলবে… তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই।”
‘বহু উপদেষ্টা এক্সিট খুঁজছেন’—এই গুজব সম্পর্কে রিজওয়ানা হাসান বলেন, এ বিষয়ে নাহিদ ইসলামকেই তার বক্তব্য সাবস্টেন্সিয়েট করতে হবে (তথ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে)। তিনি বলেন, “আমার খণ্ডানোরও বিষয় নয়। তথ্য-প্রমাণ, উপাত্ত… বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। এটা হয়তো তাদের ধারণা, তারা মনে করে তাদের বক্তব্য হিসেবে বলেছে।”
দেশের বাইরে চলে যাওয়ার গুজব সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, “আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝঞ্ঝা এসেছে, ওই সব ঝড়ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবো আপনাদের সাথে ইনশাআল্লাহ।”
উপদেষ্টার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল এনসিপি এবং উপদেষ্টাদের মধ্যে সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে।

