ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে আটক হওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মী, স্বাস্থ্যসেবাকর্মী ও সাংবাদিককে ইসরায়েলের কুখ্যাত কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহিদুল আলমের প্রতিষ্ঠিত সংস্থা ‘দৃক’ এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে। আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ‘আদালাহ’-এর বরাত দিয়ে ‘দৃক’ জানিয়েছে, আটক হওয়ার পর সবাইকে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সবচেয়ে গুরুতর বিষয় হলো, ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালাহর আইনজীবীদের কাছে অভিযোগ করেছেন যে, জাহাজ দখলের পর থেকে তারা ইসরায়েলি দখলদার বাহিনীর নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন—যা ফিলিস্তিনিদের ওপর দৈনন্দিন অত্যাচারেরই প্রতিচ্ছবি। নাগেভ মরুভূমিতে অবস্থিত এই কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন।
‘দৃক’-এর বিবৃতিতে আটককৃতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং অবিলম্বে সকল ফ্লোটিলা অ্যাক্টিভিস্ট ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দাবি করা হয়েছে। তারা জোর দিয়ে বলেন, “সকল ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সকল ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।”

