চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ প্রায় চূড়ান্ত। পাবলিক পরীক্ষা আইনের নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে। এই সিদ্ধান্ত এখন চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই ওই দিন একযোগে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৫১ হাজারেরও বেশি পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটবে। গত ১৯ আগস্ট এবারের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল।

