বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১৫ অক্টোবর স্বাক্ষরিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’

ডেস্ক রিপোর্ট।।

দেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশক হিসেবে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ অবশেষে স্বাক্ষরিত হতে চলেছে। আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সনদের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের ভিত্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করা হয়। কমিশন আশা প্রকাশ করেছে যে, বিশেষজ্ঞগণ এবং রাজনৈতিক দলসমূহ থেকে পাওয়া অভিমতগুলো বিশ্লেষণ করে খুব শিগগিরই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন