বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।।

চাঁদপুরের মতলব উত্তরের আলোচিত অটোরিকশা চালক মিজানুর রহমান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. নাহিদ গাজীকে (৩৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ক্লু-লেস হত্যা মামলার তদন্তে পুলিশের একটি গোপন সূত্র ধরে মূল রহস্য উন্মোচিত হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত নাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ আগস্ট রাতে মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর আসামি নাহিদ নিজেই অন্য এক ব্যক্তিকে ফোন করে হুমকি দেন—যা শেষ পর্যন্ত তাকে ধরিয়ে দিতে প্রধান সূত্র হিসেবে কাজ করে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনার পর নাহিদ তার ছোট ভাইয়ের মোবাইল ব্যবহার করে নূরু খালাসী নামে এক ব্যক্তিকে ফোন করে হুমকি দিয়ে বলেন, ‘মিজানকে মেরে ফেলেছি, এবার তোর পালা।’ এই সূত্র ধরেই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সক্ষম হয়।

বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকার বাড্ডা এলাকা থেকে নাহিদ গাজীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নাহিদ গাজী মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে নিহতের স্ত্রী শারমিন আক্তার একটি হত্যা মামলা দায়ের করেছিলেন এবং মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন