জাতীয় ঐক্যমত কমিশনের কার্যকারিতা এবং উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, অভিযোগ করেছেন কমিশনের কয়েকজন সদস্য ‘ষড়যন্ত্রে’ লিপ্ত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করে বলেন, “শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।” চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও আলোচনা নতুন করে শুরু হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। রাশেদ খানের অভিযোগ, কয়েকটি দল তাদের পূর্বের অবস্থান, বিশেষ করে একই দিনে নির্বাচন ও গণভোটের দাবি থেকে ‘ইউটার্ন’ নেওয়ায় মনে হচ্ছে, ঐক্য প্রক্রিয়া সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছে। তিনি রাজনীতিবিদদের এমন দ্বিচারিতা জনগণের অপছন্দ বলে মন্তব্য করেন।
ঐক্যমত কমিশনের মধ্যে দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে বলে মনে করেন রাশেদ খান। তিনি বলেন, যদি পারস্পরিক আস্থা থাকতো, তবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলতো। তার মতে, আজকের বৈঠকে যে তীব্র মতপার্থক্য দেখা গেছে, তাতে মনে হয় না আগামী এক মাসেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

