বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, ‘শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি মনে করেন, বর্তমানে ইসলামকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এজন্য পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

শুক্রবার (১০ অক্টোবর) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি কঠোর ভাষায় বর্তমান নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না, যার ফলস্বরূপ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, আর মালিকরা ‘আঙুল ফুলে কলাগাছে পরিণত হচ্ছে।’

পীর চরমোনাই বলেন, জনগণের ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর আসন বণ্টনই একমাত্র গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি। তার মতে, এই পদ্ধতি ছোট দলগুলোর প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করবে এবং জাতীয় রাজনীতিতে ন্যায়বিচার নিশ্চিত করবে।

দলের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি এমন একটি শান্তিময় সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে ‘মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না’ এবং সবাই মিলেমিশে বসবাস করবে।

ইসলামী আন্দোলন এই পিআর পদ্ধতির দাবিতে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম গড়ার জন্য সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনী সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন