সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পরের ম্যাচে আমরা চারজনই একাদশে থাকতে চাই: হারের পর কোচকে সরাসরি চ্যালেঞ্জ জামালের

ডেস্ক রিপোর্ট।।

হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার তীর সরাসরি কোচ ক্যাবরেরার দিকে। এই পরিস্থিতিতে অধিনায়ক জামাল ভূঁইয়া প্রকাশ্যেই স্প্যানিশ কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন এবং হংকংয়ে ফিরতি ম্যাচের জন্য শুরুর একাদশে থাকার জোরালো দাবি জানালেন।

বৃহস্পতিবার রাতে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থাকার পরও বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সে বাংলাদেশ ৩-৩ গোলে সমতা এনেছিল। সেই ঝোড়ো ফুটবলের মূল কারিগর ছিলেন বদলি হিসেবে নামা জামাল, শামিত সোম, ফাহমিদুল ও জায়ান আহমেদ।

শুক্রবার হংকংয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে অধিনায়ক জামাল ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “আমি, শামিত, ফাহমিদুল, জায়ান যখন একসঙ্গে ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদেরকে বলেছি আমরা নেমে ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। পরের ম্যাচে চারজনই শুরুর একাদশে খেলতে চাই।”

অধিনায়ক হওয়া সত্ত্বেও একাদশের বাইরে থাকার বিষয়ে জামাল ভূঁইয়া বলেন, “যখন না খেলি, সেটা তো ভুল। এটা আমি বলব। আমি তো সব ম্যাচই খেলতে চাই। কিন্তু দিন শেষে কারা খেলবে, এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।” তার এই মন্তব্য কোচ ক্যাবরেরার একাদশ তৈরি ও খেলোয়াড় পরিবর্তনে দূরদর্শিতার অভাবের অভিযোগকেই আরও উসকে দিলো।

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হাতছাড়া হওয়ার বেদনাবিধুর ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জামাল ভূঁইয়া বলেন, “এই দলের একটা হিস্টরি আছে। আমরা শেষ মুহূর্তে গোল হজম করি।” তিনি জানান, ম্যাচের আগে এ নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু পুরো ম্যাচে মনোযোগী থাকার সেই কৌশল কাজে আসেনি।

এশিয়ান কাপ বাছাইয়ে সম্ভাবনা প্রসঙ্গে অধিনায়ক দৃঢ়তার সঙ্গে বলেন, “আমাদের হাতে তিন ম্যাচ আছে। তিনটি ম্যাচই জিততে হবে। এক পয়েন্ট হারালেই আমাদের বিদায়। জেতা সম্ভব হবে না কেন? ইনশাআল্লাহ সামনে আমরা কিছু দিতে পারব।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন